জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক মাদরাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছে তার ছাত্র। গত বুধবার বিকেলে কয়েকজন সহযোগী নিয়ে ওই শিক্ষকের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আহত শিক্ষক কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ হামলাকারী ছাত্র সহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মারজান মিয়া (১৬) ও একই এলাকার আনছার মিয়া (২৫)।
বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কুবাজপুর সুনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সামসুল হক (৩০) কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়ে মাদ্রাসার ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শ্রেণি কক্ষে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী মারজান মিয়া, মাহিদ মিয়া, নোমান মিয়া ও আনছার মিয়াসহ কয়েকজন মিলে সন্ধ্যার আগ মুহূর্তে স্থানীয় কুবাজপুর বাজার জামে মসজিদ এলাকায় শিক্ষক কে একা পেয়ে পিটিয়ে আহত করেন। পরে এলাকার লোকজন আহত শিক্ষক কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


