জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বিকেলে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে শারজান মিয়া (২২) ও চিলাউড়া আমবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে মোরশেদ মিয়া (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তাঁরা দুইজন রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেল চারটার দিকে রানীগঞ্জের গর্ন্ধবপুর এলাকায় পৌছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন। মোটর সাইকেলের চালকের নাম মোরশেদ মিয়া বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে আজ সোমবার। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।