জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। আহত হয়েছে আরও পাঁচ জন। উপজেলার প্রবাসি অধ্যুষিত সৈয়দপুর ঈশানকোণা গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সৈয়দপুর ঈশানকোণা গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সৈয়দ হোসাইনের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবদ্ধ হন সৈয়দ জামাল (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোাসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫) গুলিবিদ্ধ হন।
রাত ১০ টায় আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসকরা আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল মিয়া মারা যান। এ ঘটনায় অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরক চিকিৎসক আওলাদ তালুকদার মুদ্ধ জানান, আহতদের শরীর বিভিন্ন স্থানে ছিটাগুলি বিদ্ধ ছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট ওসমানিতে রেফার্ড করেছি।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বললেন, উভয়পক্ষ পরস্পরের আত্মীয়। আধিপত্যের দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। নিহতদের মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। তবে এখনো (এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা একটা) মামলা হয় নি।


