জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রাম থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের সহিল উদ্দিনের মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী রুবি বেগম সোমবার রাত আটটার দিকে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ১১টায় ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


