জগন্নাথপুর অফিস
নতুন বছরের প্রথম দিন সকালে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মধ্য দিয়ে জগন্নাথপুরে বই উৎসব পালিত হয়। উপজেলা সদরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী, অভিভাবক আজাদ আলী প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, উপজেলার ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪৩ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর বই বিতরণ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই পাওয়া যায়নি। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয় নি।
মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, উপজেলার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ লাখ ১৯ হাজার ১৪৬ বইয়ের চাহিদার মধ্যে ৮৪ হাজার ৬০৪ বই পাওয়া গেছে। ষষ্ঠ শ্রেণির কোন বই এখনো পাওয়া যায়নি। ষষ্ঠ শ্রেণিতে এবার ৪ হাজার ১৪৫ জন শিক্ষার্থী রয়েছেন। দাখিল পর্যায়ের ১ লাখ ১২ হাজার ১৬৫ বইয়ের চাহিদার বিপরীতে ৮৮ হাজার ৮২০ বই পাওয়া গেছে। ইবতেদায়ি ৬২ হাজার ৭৩২ বইয়ের চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়।


