জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি (স্থানীয় ভাষায় কত্তা গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অনুমোদনহীন ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইককে (টমটম) চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী দিলাল মিয়া (৩৮) মারা যান।
গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে জগন্নাথপুরের কেশবপুর-পাটলী সড়কের কেশবপুর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটলী এলাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির অবৈধ যান ট্রলি গাড়ি বিপরীত দিক দিয়ে আসা যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিলাল মিয়ার মৃত্যু হয়। তিনি পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। এঘটনায় অপর চার যাত্রীকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসারা তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আহতদের মধ্যে কেশবপুর এলাকার বাসিন্দা সাবেক কাউন্সিলর মাসুম মিয়ার পরিচয় পাওয়া গেছে। অন্যদের এখনও পরিচয় মিলেনি। স্থানীয়রা ঘাতক ট্রলি গাড়িটি আটক করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী একজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
- জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত
- গৌরারং ইউনিয়নে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ


