জগন্নাথপুরে হাওরের ৪৫ প্রকল্পের মধ্যে ১০ প্রকল্পের কাজ শুরু

আলী আহমদ, জগন্নাথপুর
১৫ ডিসেম্বর থেকে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত ও সংস্কার কাজ শুরুর কথা থাকলেও জগন্নাথপুর উপজেলায় গতকাল বুধবার পর্যন্ত মাত্র ১০ টি প্রকল্পে কাজ শুরু হয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কৃষক ও পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণ মেরামত ও সংস্কার কাজ করার কথা। এজন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে।
সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নলুয়ার হাওরের ৭ ও ৮নং প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়।
সরেজমিনে হাওর ঘুরে ও কৃষকদের মধ্যে কথা বলে জানা গেছে হাওরে ৪৫ টি প্রকল্পের মধ্য মাত্র ১০ টি প্রকল্পে কাজ চলছে। প্রকল্পগুলো হলো ৭, ৮, ১৩, ১৫, ১৬, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬।
নলুয়ার হাওরের বেতাউকা গ্রামের বাসিন্দা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, হাওরের অধিকাংশ প্রকল্প এলাকা এখনো বেড়িবাঁধ নির্মাণ করার উপযোগী নয়। হাওর এলাকায় এখনো পানি রয়েছে যে কারণে মাটির কাজ করা যাচ্ছে না।
হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, এবার হাওরে ফসল রক্ষার কাজ বিলম্বে শুরু হওয়ায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন দ্রুত কাজ শুরু করা দরকার।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, জগন্নাথপুর উপজেলার ৪৫টি প্রকল্পের মধ্যে ৩০ টি প্রকল্প কমিটি কে আমরা সরেজমিনে প্রকল্পের কাজ দেখিয়ে দিয়েছি। অপর প্রকল্পগুলো অচিরেই বুঝিয়ে দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত, তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুম বলেন, হাওরের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসক ১৫ জানুয়ারির মধ্যে সব প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন। আমরা সব প্রকল্পের কাজ শুরু করতে প্রকল্প কমিটি কে কার্যাদেশ দিয়েছি। ১৫ জানুয়ারির পর থেকে জোর তদারকি চলবে।