জগন্নাথপুরে হামলার ঘটনায় গ্রেফতার ১

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ কদরিছ আলী (৪০) নামে একজন কে গ্রেফতার করেছে। পুলিশ সোমবার রাতে ওই গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে গত ১৬ সেপ্টেম্বর পাইলগাঁও গ্রামের বাসিন্দা আপ্তার  আলী কোরবানীর মাংস স্থানীয় মসজিদে না দেয়ায় ওই গ্রামের শফিক, মন্নান ও ছমেদ  মিয়া তাকে এক ঘরে রাখতে ঘোষণা করেন। এর প্রতিবাদ করেন একই গ্রামের বাসিন্দা চমক উদ্দিন। এ নিয়ে শফিক মিয়াদের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় মসজিদ কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হলেও ঘটনার পরের দিন ১৭ সেপ্টেম্বর প্রতিপক্ষের লোকজন চমক উদ্দিনের বাড়িতে সংঘবদ্ধ লোকজন হামলা চালিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় চমক উদ্দিনের ভাই মোঃ শামিম মিয়া শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে  মামলা দায়ের করেছেন।  
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, মামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।