আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরের অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পাবে না। এ উপজেলা ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৪টি বিদ্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত নতুন বই পৌঁছেনি।
উপজেলা সরকারি মাধ্যমিক ও প্রাথমিক অফিস সুত্র জানায়, জগন্নাথপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫৫টি বিদ্যালয়ে ১ লাখ ৬৪ হাজার ৭৯টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে সরকারি দুইটি বিদ্যালয়সহ মোট ৩০টি হাইস্কুলের মধ্যে ৬টি বিদ্যালয়ে আজ বই বিতরণ করা হবে। বিদ্যালয়গুলো হচ্ছে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, গুল নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীরামসী উচ্চ বিদ্যালয়। তবে ২৪টি বিদ্যালয়ে গতকাল পর্যন্ত নতুন বই পৌঁছেনি। এসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে বই বিতরণ করা হবে। মাদ্রাসা পর্যায়ে দাখিলের বই এখনো পাওয়া যায়নি। তবে ইবতেদায়ী মাদ্রাসার বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।
জগন্নাথপুরের নলুয়া হাওর ব্যষ্টিত পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের আব্দুল মুহিত বলেন, আমরা এখনো নতুন পাঠ্যবই পাইনি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, আগামী সপ্তাহে বই মিলবে।
তিনি জানান, তাঁদের বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মোট ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
জানান, এ উপজেলায় মোট ৩০টি বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৬টি বিদ্যালয়ে আজ নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অন্য বিদ্যালয়গুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ি বই দেয়া হবে শিক্ষার্থীদের মধ্যে। জগন্নাথপুরে মাধ্যমিকে দুই লাখ ১৬ হাজার ৮শ’ ২৭টি বই বিতরণ করা হবে। এরমধ্যে বরাদ্দ পাওয়া গেছে এক লাখ ৪ হাজার বই। দাখিলে বই পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এবার এক লাখ ৬৬ হাজার ৭৯টি বই পাওয়া গেছে। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আমরা বই বিতরণ করব আজ।


