জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে সহায়তা বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক গত মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুরের ২৫জন ভিক্ষুককে আত্মনির্ভশীল ও কর্মসংস্থান তৈরী করতে নগদ অর্থ ও হাঁস বিতরণ করা হয়েছে।
প্রত্যেক ভিক্ষুককে জনপ্রতি ১ হাজার ৫শত টাকা নগদ ও ২০টি হাঁস বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।
জগন্নাথপুরের ইউএনও’র কার্যালয় সুত্র জানায়, মুজিব বর্ষে জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে প্রশাসন এরমধ্যেই জগন্নাথপুরের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ৫০জন ভিক্ষুককে সনাক্ত করে তাদের তালিকা তৈরী করেছে। এসব ভিক্ষুকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অনুদান দেয়া হবে।