জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা পেয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারী দলীয় মনোনয়ন পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম, এনামুল কবির ইমন দলীয় মনোনয়ন
ও প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তদবিরে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর উাজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, আওয়ামী লীগ নেতা মিন্টু রঞ্জন ধর।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ তৃণমুলের মতামত নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আকমল হোসেনের নাম এককভাবে পাঠালে জেলা আওয়ামী লীগ তা কেন্দ্রে দাখিল করে। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আকমল হোসনকে চূড়ান্ত করে।


