স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। যে কোন মুহূর্তে সংঘর্ষের আশংকা করছেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক লে.ক. (অব.) আলী আহমদ আগামী ২২ অক্টোবর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে ওই তারিখে সম্মেলন না করার জন্য জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এমএ মালেক খান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার আহমদের নেতৃত্বাধীন গ্রুপ তাদের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়কের নিকট সম্মেলন স্থগিত চেয়ে সোমবার জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করেছেন।
আবেদনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২৪ জন নেতাকর্মী স্বাক্ষর করেছেন। আবেদনের কপি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক
সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকেও দেওয়া হয়েছে।
লিখিত আবেদনপত্রে নেতৃবৃন্দ উল্লেখ করেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক লে. ক. (অব.) আলী আহমদ দায়িত্ব নেওয়ার পর থেকে জগন্নাথপুর বিএনপি দুর্বল হচ্ছে। তিনি নিজ ইচ্ছামাফিক ইউনিয়ন কমিটি গঠন করেন। তৃণমূলের নেতাকর্মী তা মেনে না নেওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা এমএ মালেক খান পাল্টা ইউনিয়ন কমিটি গঠন করেন। আলী আহমদ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত পালন করেন নি। গত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জগন্নাথপুরে দলের একজন চেয়ারম্যানও নির্বাচিত হতে পারেন নি। আহ্বায়কের নিজ ইউনিয়নে দলীয় প্রার্থীর ভরাডুবি হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্যদের না জানিয়ে আহ্বায়ক ২২ অক্টোবর সম্মেলন আহ্বান করেছেন, যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা নিতান্তই দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং অগণতান্ত্রিক দলীয় স্বার্থ পরিপন্থী বিধায় উক্ত স্বঘোষিত সম্মেলন স্থগিত করে সকলের অংশগ্রহণের মাধ্যমে সম্মেলন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি সদস্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, লুৎফুর রহমান চৌধুরী, আতাউর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, মঞ্জুর আহমদ কাবেরী, এমএ কয়েছ, গোলজার, শাহ মো. ইয়ার মিয়া, শমসের উদ্দিন, আব্দুর রউফ, হাফিজ কবির আহমদ জামিল হোসেন, তকবুর মিয়া, শাহেদ আহমদ, নিকসন মিয়া, ছায়াদ মিয়া, জাহেদ আহমদ, জুবেল মিয়া প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন, জগন্নাথপুর বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। কেন্দ্রের সাথে যোগাযোগ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
- প্রসঙ্গ: ধারারগাঁও হালুয়ারঘাট সেতু- মন্ত্রীকে অনুরোধ জানিয়ে ড. সাদিকের আধা সরকারিপত্র
- কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা-ধর্মপাশায় ১২ দিন ধরে কর্মস্থলে নেই এলজিইডির ৩ প্রকৌশলী


