জগন্নাথপুর-বিশ্বনাথ-সড়কের বেহাল অবস্থা- মন্ত্রীর আগমনে আশার সঞ্চার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলাবাসীর প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে সংস্কার কাজ না হওয়ায় প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। বার বার আশ্বাসের বাণী শুনা গেলেও তা বাস্তবে রূপ পায়নি। মাসিক সমন্বয় সভায় স্থানীয় এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম জনপ্রতিনিধিদের তোপের মুখে পড়েছেন কয়েকবার। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আবারও তিনি মুখের তোপে মুখে পড়েছেন। এ সময় তিনি জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ওই সড়কে সংস্কার কাজ শুরু হবে।   
আজ শনিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন আসছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রীর আগমনে আশান্বিত হয়ে উটেছেন জগন্নাথপুরবাসী।
ভূক্তভোগিরা জানান, জগন্নাথপুরবাসী বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সরসারি যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় ওই সড়ক দিয়ে। সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি     
অংশ পর্যন্ত ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় দিন দিন রাস্তার পিচ উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকদিন পূর্বে ওই সড়কের মীরপুর নামক স্থানে একটি ট্রাক গর্তে আটকে গেলে ১৭ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এছাড়াও প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। গত মঙ্গলবার ওই সড়কের ইসহাসপুর নামক স্থানে একটি যাত্রীবাহি বাস দুঘর্টনায় পতিত হয়। এতে আহত হন ১৫ জন যাত্রী।
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রী বকুল গোপ জানান, গুরুত্বপূর্ণ ওই সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সড়ক সংস্কারে  কোন উদ্যোগ নেই। শুনেছি যোগাযোগমন্ত্রী আসছেন। এবার হয়তো সড়কের কাজ শুরু হতে পারে।
আরেক যাত্রী রুমানুল হক রুমেন জানান, অনেক দিন যাবৎ সড়কে সংস্কার কাজ না হওয়ায় সকড়টি এখন নরকে পরিণত হয়েছে। মন্ত্রীর আগমনের খবরে উপজেলার ৩ লাখ মানুষের মধ্যে আশা জেগে উঠেছে ।  উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর-কেউনবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর-পাইলগাঁও ১৫ কিলোমিটার ও ভবের বাজার-গোয়ালা বাজার ১২ কিলোমিটার সড়কের বেহাল দশা বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, সড়কের বেহাল দশায় জনপ্রতিনিধি হিসেবে আমরা বিব্রতকর অবস্থায় আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করছি যাতে দ্রুত সংষ্কার কাজ শুরু হয়। আশা করছি এ সপ্তাহে কাজ শুরু হবে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কে দুই কোটি ২২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি  ওই সড়কে কাজ শুরু হবে।