জঘন্য গুজব ‘ছাল নাই কুত্তা বাঘা তার নাম’

স্টাফ রিপোর্টার
শনিবার সকাল সাড়ে ৭ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ফোন দিয়ে বলছিলেন,‘দাদার (সুরঞ্জিত সেন গুপ্ত) কোন খবর জানেন কী-না? বুঝাই যাচ্ছিল খুবই ভারাক্রান্ত মন তাঁর। কিছুটা থেমে বললামÑ না তো, আশ্বস্ত হয়ে ওপাশ থেকে ইউসুফ আল আজাদ বলছিলেন, ‘কত খারাপ হতে পারে মানুষ’। তবুও মনকে শান্তনা দিতে পারছিলাম না। সুরঞ্জিত সেন গুপ্তের পিএস কামরুল হককে ফোন দিলাম, তিনি না ধরায় আরো মন খারাপ হলো। পরে আওয়ামী লীগ নেতা অ্যাড. খায়রুল কবির রুমেন পিপিকে ফোন দিয়ে খবর নিতে চাইলাম। তিনিও কিছুক্ষণ পর বললেন, পিএস কামরুল হক ফোন না ধরায় জানতে পারছেন না তিনি। এরপর ঢাকায় সুরঞ্জিত সেন গুপ্তের ঝিগাতলার বাসার পাশের ইউনিভার্সিটি স্টুডেন্টদের ম্যাচে ফোন দিয়ে খবর নিয়ে জঘন্য এই গুজবের সত্যতা যে নেই তা বুঝতে পারি।
শনিবার ছিল দিরাই-শাল্লা উপজেলার   ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। কিন্তু নির্বাচনে জয়ী হতে সুবিধা হবে, এই আকাঙ্খা নিয়ে নাকি এমন গুজব রটানো হয়েছিল! একটি চক্র দিরাই-শাল্লার কোন কোন এলাকায় গুজব ছড়িয়ে দেয় সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আইন- বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত মারা গেছেন!
রাতে সুরঞ্জিত সেন গুপ্তের ব্যক্তিগত সহকারি মো. কামরুল হক তার ব্যক্তি ফেসবুক আইডিতে লিখেছেন।
‘ছাল নাই কুত্তা, বাঘা তার নাম’
দিরাই-শাল্লার আপামর জনগণের রক্তে মিশে আছেন সুরঞ্জিত সেনগুপ্ত। দিরাই-শাল্লার উন্নয়নের কান্ডারী মাননীয় আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি তাঁর মনোনিত যে সকল প্রার্থী ঘোষণা করেছিলেন, দিরাই-শাল্লাবাসী তাদেরকেই নির্বাচিত করে আবারও প্রমাণ করে দিল দিরাই-শাল্লার মাটি সুরঞ্জিত সেনগুপ্ত’র ঘাটি।
অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক শকুন দিরাই-শাল্লায় নিজেকে স্ব-ঘোষিত  নেতা বানিয়ে অনেক ষড়যন্ত্র করেছে, এমনকি ভোটের আগের দিন জীবন্ত এই কিংবদন্তী নেতাকে মৃত ঘোষণা করতেও কুণ্ঠা বোধ করে নি।
দিরাই-শাল্লাবাসী এই হায়েনার দলকে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব ও মুখে জুতা মেরে বিতাড়িত করেছে। আশা করি এরপর তারা শিক্ষা গ্রহণ করবে। মনে রাখা উচিৎ সুরঞ্জিত সেনগুপ্ত’র একটি উক্তি মাঝে-মধ্যে বলেন ‘ছাল নেই কুত্তা বাঘা তার নাম’।