সু.খবর রিপোর্ট
৫৭৭টি এনজিও জঙ্গিদের পেছনে বিপুল অর্থ ঢালছে বলে অভিযোগ উঠেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসে অর্থায়ন এবং নাশকতা সৃষ্টিতে সন্দেহভাজন ৫৭৭টি প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।
একই অভিযোগে জামায়াত-শিবির পরিচালিত ও নিয়ন্ত্রিত স্কুল, কলেজ, কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বেশ কিছু ব্যাংক-বীমা ও
আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্প্রতি আইন সংশোধন করে এনজিওর বিদেশি অনুদানপ্রাপ্তি কঠিন করা হলেও দেশ-বিদেশ থেকে জঙ্গি অর্থায়নের লাগাম টেনে ধরা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থার রিপোর্টের আলোকে জঙ্গি অর্থায়নে জড়িত এনজিওর কার্যক্রম কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনজিও সংগঠকরা জানান, এনজিওগুলো বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অনুদান সংগ্রহ করে। এ অর্থ কোথায় কীভাবে খরচ করা হচ্ছে, তার বিস্তারিত তথ্য সরকার জানে না।
জঙ্গি অর্থায়নে জড়িত বলে অভিযুক্ত এনজিওর বেশির ভাগই মধ্য প্রাচ্যভিত্তিক। এ তালিকায় রয়েছে রিভাইবাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি (আরআইএইচএস), রাবেতা আল-আলম আল-ইসলামী, সোসাইটি অব সোশ্যাল রিফর্ম, কাতার চ্যারিটেবল সোসাইটি, আল মুনতাদা আল ইসলামী, ইসলামিক রিলিফ এজেন্সি, আল ফুরকান ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন (আইআইআরও), কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি, মুসলিম এইড, দার আল-খায়ের, তাওহিদী নূর, সৌদিভিত্তিক হায়াতুল ইগাছা এবং দ্য গ্রিন ক্রিসেন্ট। জেএমবির আর্থিক মদদ দাতা হিসেবে অভিযুক্ত রাবেতা আল-আলম আল-ইসলামী সৌদি আরব সরকারের একটি সাহায্য সংস্থা, যা বিশ্বব্যাপী মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএম) নামে পরিচিত। এটির আরেকটি সহযোগী এনজিও ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন (আইআইআরও)। এছাড়া জামায়াত ও এর নেতাদের পরিচালিত বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ব্যাপারে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াত পরিচালিত বিভিন্ন ধরনের সংগঠন, এনজিও এবং জামায়াত নেতাদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ শুরু করেছে।
নাশকতায় অর্থ জোগানদাতাদের সন্ধানে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড সন্দেহভাজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের আমদানি-রফতানি, ব্যাংকে খোলা ঋণপত্র (এলসি) দেশের ভেতরে-বাইরে ব্যবসায়িক লেনদেনসহ রাজস্ব পরিশোধ-সংক্রান্ত তথ্য, স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ অর্থের পরিমাণ পর্যবেক্ষণ করছে। এসব ব্যবসায়ীর স্ত্রী, সন্তান, নিকটাত্মীয়, ব্যবসায়িক অংশীদাররাও রয়েছেন নজরদারিতে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘জঙ্গিদের যারা অর্থ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। এরই মধ্যে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এরপর জঙ্গি অর্থায়নে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জঙ্গিবাদ ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত সন্দেহে ১৮টি ব্যাংক-বীমা ও সেবা খাতের বেশ কিছু প্রতিষ্ঠানে কড়া নজরদারি করছে সরকার। সূত্রমতে, জঙ্গি সংগঠনগুলোকে অর্থদাতাদের একটি তালিকা নিয়ে কাজ করছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। বেসরকারি একটি ব্যাংকসহ একাধিক এনজিও প্রতিষ্ঠান ও জামায়াত প্রভাবিত কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়। জঙ্গি বিস্তারে নেপথ্য ভূমিকায় থাকা অর্থদাতাদের রাজনৈতিক পরিচয় বের করতেও কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।
জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে প্রথমে ৫৬৩ এনজিও এবং পরে আরও ১৪টি এনজিওসহ মোট ৫৭৭ প্রতিষ্ঠানের নামের তালিকাসংবলিত ২১৬ পাতার প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতে ওই তালিকায় থাকা জামায়াত নিয়ন্ত্রিত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়ে গত রোববার চিঠি পাঠিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এ পস্রঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম গণমাধ্যমকে বলেন, জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে। জামায়াত-শিবিরের কর্তৃত্ব থাকা ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুরো তালিকা র্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সারাদেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। গত সেপ্টেম্বরে সারাদেশে জামায়াত ও এর নেতাদের পরিচালিত ৫৭৩টি প্রতিষ্ঠানকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কারা দায়িত্ব পালন করেন, তাদের নামের তালিকাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব প্রতিষ্ঠান ও এগুলোর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
- শাল্লা-মিলনবাজারে যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত ভাড়া
- আইজিসিএ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন এমএম মান্নান


