বিশেষ প্রতিনিধি
জঙ্গি তৎপরতার যুক্ত ৪ জন গ্রেপ্তার এবং পুলিশি অপারেশনে এক জঙ্গি নিহত হবার পর ছাতকে জঙ্গি আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে বিব্রত এবং উদ্বিগ্নও ছাতকবাসী।
গাজীপুরে জঙ্গি আস্থানায় নিহত ছাতকের মুনিরজ্ঞাতির ডিমকা গ্রামের সাইফুর রহমান বাবলু নিহত হওয়া। সাইবার ক্রাইম এবং জঙ্গি তৎপরতায় যুক্ত ছাতকের ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকোট গ্রামের আব্দুল হককে সিলেট থেকে এবং তার সহযোগি আমিনুল হককে সিলেট থেকে গ্রেপ্তার। শোলাকিয়ায় ঈদের জামায়েতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ছাতকের বরাটুকা আল-হিকমা মাদ্রাসার অধ্যক্ষ মেহেদী হাসানকে বগুড়া থেকে গ্রেপ্তার এবং ঢাকার জাগৃতির প্রকাশক দীপন হত্যা মিশনের প্রধান শামীম ওরেফে সিফাতের বাড়িও ছাতকের কালারুখা ইউনিয়নের মাধবপুরে হওয়ায় চিন্তিত ও উদ্বিগ্ন ছাতকবাসী। অবশ্য ছাতকের রাজনীতিবিদ ও সুশিল সমাজের বিশিষ্টজনেরা বলেছেন,‘ছাতকের সিংহভাগ মানুষ বাঙালি সংস্কৃতি লালন করেন। দেশ স্বাধীনের আগেই মুক্তিযোদ্ধারা ছাতক শত্রুমুক্ত করেছিলেন। এই অবস্থায় ছাতকে জঙ্গিবাদ বা কোন উগ্রবাদেরই স্থান হবে না। এমনকি জামায়াতের কোন অবস্থানও ছাতকে থাকবে না’।
ছাতক ডিগ্রি কলেজের একজন প্রভাষক বলেন,‘আমরা রীতিমত আতঙ্কে রয়েছি। ছাতকে জামায়াত যেভাবে শক্তিশালী হচ্ছে এবং দেশের সবচেয়ে ভয়াবহ ঘটনার সঙ্গে ছাতকের নাম যুক্ত হয়ে যাওয়ায় আমরা অবশ্যই চিন্তিত’।
ছাতকের গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন,‘ছাতক কিংবা সুনামগঞ্জ জেলা মরমী সাধকদের পূণ্যভূমি। এখানে উগ্রবাদের স্থান নেই। তবে সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে ছাতকের নাম কয়েকবার যুক্ত হওয়াটা উদ্বেগজনক এবং লজ্জাজনকও। আমরা মনে করছি অসচেতনভাবে এরা যুক্ত হচ্ছে এমন কর্মকা-ে। ছাতক – দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সম্প্রতি একটি বিশাল মানববন্ধন করে জঙ্গিবাদী কার্যক্রমের বিরুদ্ধে গণসচেতনতা শুরু করেছেন। আমরা আশা করছি, ছাতকে উগ্রবাদের স্থান থাকবে না’।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ দলীয় প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, তারাই সময়ে সময়ে জামায়াতকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং ছাতকে জামায়াত বেড়েছে। এখন জঙ্গিও তৈরি হয়েছে’।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘ছাতকের তিনটি বৃহৎ মাদ্রাসা চলছে জামায়াতের পৃষ্ঠপোষকতায়। এগুলো হচ্ছে মুক্তিরগাঁও দাখিল মাদ্রাসা, জাউয়াবাজার দেবেরগাঁও মাদ্রাসা এবং বরাটুকা আল আল-হিকমা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোয় উগ্রবাদের চর্চা হয়।’ তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকেও কিছুটা দোষারোপ করে বলেন,‘বঙ্গবন্ধু’র ছবি প্রকাশ্যে ভাংচুর করার পরও অপরাধীর শাস্তি হয়নি, এসব কর্মকা-ে উগ্রবাদীদের সাহস বাড়ে’।
ছাতক- দোয়ারাবাজারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘ছাতকে মানবতাবিরোধী পরিবেশ আছে বলে আমি মনে করি না। তবে যে কয়েকজন বিপথগামী হয়েছে তাদেরকে কে বা কারা বিপথগামী করেছে, খোঁজা উচিৎ। আমরা বিব্রত’।
ছাতক – দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন,‘১৯৭৫ পরবর্তী সময়ে ছাতকে ৩-৪ টি মাদ্রাসা গড়ে ওঠেছে। যেগুলো বিতর্কিত ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদী হেলিকপ্টারে এসে উদ্বোধন করেছেন। এই মাদ্রাসাগুলোয় বিশাল বিশাল ভবনও রয়েছে। এসব প্রতিষ্ঠানের অর্থ কোথা থেকে এলো সেটি খুঁজতে হবে এবং এক সময় যারা বছরে ২ বার সাঈদীকে এনে তাফসিরুল মাহ্ফিলের নামে রাজনৈতিক কর্মকা- চালাতো, তারাই জামায়াত এবং জঙ্গিবাদের স্থান দেবার জন্য দায়ী। মূলত ছাতকের অনেকেই এখন সিলেট -সুনামগঞ্জে জামায়াতের নেতৃত্ব দিচ্ছে এবং এরাই ছাতকেও কর্মকা- চালায়। তিনি বলেন,‘এখন পর্যন্ত ছাতকের যেসব জঙ্গি গ্রেপ্তার হয়েছে বা মারা গেছে এরা সিলেটে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলেই জানা গেছে’। ছাতক- দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এই উপজেলাগুলোয় উগ্রবাদের স্থান হবে না।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সম্প্রতি জামায়াতের জেলা আমীরসহ কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও পরদিনই তারা জামিন পেয়েছে। অর্থাৎ তাদেরকে গাড়ী দিয়ে সুনামগঞ্জের এগিয়ে দেবার মতো ঘটনা হয়েছে’।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ছাতক- দোয়ারাবাজারে আওয়ামী লীগ-বিএনপির’র অভ্যন্তরীণ বিভক্তির সুযোগ নেয় জামায়াত। ছাতকে রাজনৈতিক দলগুলোকে আদর্শিক লড়াই বাড়াতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীও বিশেষ নজরে রাখছে ছাতকের দিকে। ওখানে কীভাবে বিশেষ অভিযান চালানো যায় সেই চিন্তাও করা হচ্ছে’।
- দুই লম্পট গ্রেফতার ছাতক থেকে সিলেটগামী ট্রেন থেকে দুই কিশোরী অপহরণ ও ধর্ষণ
- ধর্মপাশায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী


