জঙ্গি হানার পর একটি দেশ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছিল

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল-উল আলম হানিফ অভিযোগ করেছেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর প্রভাবশালী একটি দেশ সন্ত্রাস দমনের নামে এদেশে সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে বলেছেন,যখন যেটুকু প্রয়োজন তখন সেটুকু সহযোগিতা নেওয়া হবে।’
বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ইমামদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের এই নেতা।
ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগের উদ্যোগে এই কর্মশালায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, আলহাজ মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতিনিধি মাওলানা রুহুল আমিন সিরাজী, পরিচালক হারুন অর রশিদ প্রমুখ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘কথিত আইএস ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত। গুলশান আর্টিজেন রেস্তোরাঁয় কথিত জঙ্গি হামলা প্রথম খবর প্রচার করে সাইটেক। যার প্রতিষ্ঠাতা ইহুদি রিতা। যার পিতা ইরাকে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে নিহত হয়েছিলেন। আর সিএনএন তাদের নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে গুলশান ঘটনা প্রচার করে। তারাই আগে প্রচার করে যে বিশজনকে হত্যা করা হয়েছে।’