সু.খবর ডেস্ক
সিলেটে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে ২৪ লাখ করে ৪৮ লাখ টাকার অনুদান দিয়েছে পুলিশ। নিহত পুলিশের পরিদর্শক আবু কয়ছর চৌধুরীর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা ও নিহত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামের স্ত্রী ফারভীন আক্তারকে মোট ১২ লাখ টাকা এবং তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয় পত্র দেয়া হয়।
রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে অনুদান তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ওই টাকার মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকা ও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ৪ লাখ করে মোট ৮ লাখ টাকা প্রদান করা হয়েছে।
চৌধুরী মো. আবু কয়সার ১৯৬৬ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় নতুনপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। নিহত মনিরুল ইসলাম ১৯৭৭ সালে ১৫ আগস্ট নোয়াখালী জেলার সুধারাম থানায় বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এসময় সাম্প্রতিক জঙ্গিবাদ-বিরোধী অভিযানে নিহত ও আহত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, এক শ্রেণীর মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ বিস্তার ঘটাচ্ছে। তবে যারা জঙ্গিদের আশ্রয় ও প্রশয় দিচ্ছে, তাদের চিহিৃত করা হচ্ছে বলে জানান পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িস্থ আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে গোটাটিকর নামক এলাকায় বোমা বিস্ফোরণে র্যাব ও পুলিশের তিন কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সারও নিহত হন।


