স্টাফ রিপোর্টার
গীতিকার কবির বকুল ও চলচিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য্য ওরফে পিএ কাজলকে আসামী করে সুনামগঞ্জ সদর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। গান জালিয়াতির অভিযোগ এনে সুনামগঞ্জের গীতিকার পল্লী বাউল জবান আলী বুধবার এই মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ শহরের প্রান্তিক- ৩৫, হাসননগরের বাসিন্দা পল্লী বাঊল জবান আলী মামলায় উল্লেখ করেছেন, তাঁর পিতা বাউল আব্দুল মতলিব, পিতামহ পল্লী বাউল আব্দুল গনি ফকির। প্রপিতামহ ইছমত আলী তালুকদার বাউল ছিলেন। বংশ পরস্পরায় বাউল সঙ্গীত ও বাউল ধারাকে লালন পালন করে এবং চর্চা করে আসছেন তারা। তিনি ৬ শতাধিক গান লিখেছেন। তাঁর জনপ্রিয় গান, ইতিপূর্বে শিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ ক্যাসেটে প্রচার হয় এবং দেশব্যাপি জনপ্রিয়তা পায়।
মামলায় জবান আলী উল্লেখ করেছেন- এই ক্যাসেট থেকে একটি গান সংগ্রহ করে গীতিকার কবির বকুলের রচিত গান দাবি করে জালিয়াতির আশ্রয় নিয়ে পি.এ কাজলের ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুন’ ছায়াছবিতে ব্যবহার করেছেন।
পল্লী বাউল জবান আলী আদালতকে জানিয়েছেন, তাঁর এই গানের প্রথম অন্তরায় ছিল ‘যার হৃদয়ে ভরা’, আসামীরা এই বাক্য পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়ে করেছেন ‘আমার অন্তরে ভরা’। দ্বিতীয় অন্তরায় ছিল ‘অন্যে কি বুঝিতে তাহা সেজন ছাড়া’, এই অন্তরা পরিবর্তন করে করা হয় ‘বাঁচিব কেমনে বন্ধু তোমাকে ছাড়া’। এভাবে পুরো গানটিই নকল করে আসামীর রচিত গান দাবি করে দণ্ডবিধির ৪৬৫/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭৪/ ৪৭১/ ৪২০/ ৩৪ ধারার অপরাধ করেছেন বলে জবান আলী মামলায় উল্লেখ করেছেন।
এ ব্যাপারে গত ২৭ মে’২০১৫ খ্রিস্টাব্দে এডিসহ রেজিস্টারী ডাকযোগে উকিল নোটিশ দিলেও আসামীগণ উকিল নোটিশ না রেখে ফেরৎ পাঠিয়েছেন। এই অবস্থায় আদালতের কাছে সুবিচার দাবি করেছেন বাউল জবান আলী।
আদালত মামলাটি গ্রহণ করে নালিশের বিষয়ে আগামী ২২ মে’র মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদককে নির্দেশ দেন।
বাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. কামাল হোসেন, অ্যাড. আবুল কাশেম প্রমুখ।


