জমিলার সন্তানের নাম প্লাবন রাখলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
শনিবার দুপুর ২ টায় জেলা প্রসাশকের অফিস কক্ষে জন্ম নেওয়া বানভাসি জমিলা বেগমের সন্তানের নাম রাখলেন প্লাবন। রাত ৮টায় প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেনকে ফোন করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জমিলা বেগমের সন্তানের নাম রেখেছেন প্লাবন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রবিবার সকালেই তার পক্ষ থেকে জমিলা ও প্লাবনকে নতুন কাপড় বিচানাপত্র নগদ টাকা পৌছে দেবার নির্দেশ দেন।
এর আগে সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুরের বাড়ির সামনে কোমর সমান পানিতে দাড়িয়ে প্রসব বেদনায় জমিলা বেগম চিৎকার করছিলেন। অসহায় স্বামী মোঃ সুমন মিয়া একটি নৌকার জন্য যাকেই পাচ্ছিলেন তার কাছেই সহযোগিতা চাচ্ছিলেন। কোথায় স্ত্রীকে নিয়ে যাবেন সেই পরামর্শও সকলকে জিজ্ঞেস করছিলেন। এক পর্যায়ে এই সংবাদ জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেনের কাছে একজন এসে পৌঁছান। পরে জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রসাশক অসীম চন্দ্র বনিক হাতে বাওয়া ছোট বারকি নৌকা নিয়ে জমিলার বাড়ির সামনে গিয়ে জমিলা তার বড় বোন ও স্বামী সুমন মিয়াকে নিয়ে কার্যালয়ে চলে আসেন। তাৎক্ষণিক চেষ্টা করেও ডাক্তার মেলানো যায়নি। অবশেষে বেলা ২ টায় জমিলা পুত্র সন্তান প্রসব করেন।জমিলা ও তার পুত্র দু’জনেই সুস্থ্য রয়েছেন।
এদিকে, রাত সাড়ে ৮ টায় জমিলা ও তার সন্তানের খাবার দাবারসহ অন্যান্ন বিষয়ে সহযোগিতার জন্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেনের কাছে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।