জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
কৃষকের চাষাবাদের উপযোগী আমন জমি জমি সরকারিভাবে অধিগ্রহণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পৌরবিপণিতে এই সংবাদ সম্মেলন হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের কৃষক মো. আলাল খাঁন এই সংবাদ সম্মেলন করেন।
আলাল খাঁন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে    
 জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জয়কলস মৌজার জে.এল নং-২০৩ এর ১৪২৯, ১৪৩০, ১৪৩১, ১৪৮১, ১৪৮২ নং দাগে তার মালিকানাধীন ৩ একর ৬১ শতাংশ জায়গা অধিগ্রহণ করা হচ্ছে। এই জায়গায় তিনি আমন জমি চাষাবাদ করে আসছেন। এই জমি সরকার অধিগ্রহণ করলে তার চাষাবাদের আর কোনো জমি থাকবে না। ইতিপূর্বে কিছু জায়গায় তার মা ছালেহা খাতুনের নামে পাঞ্জেগানা মসজিদ, মসজিদের নামে পুকুর, ঈদগাহ ও কবরস্থান নির্মাণ করা হয়েছে। এছাড়াও ওই জমিতে একটি ঘর নির্মাণের কাজ চলছে। এসব প্রতিষ্ঠান থাকা অবস্থায় আলাল খানের জমি অধিগ্রহণ করছেন জেলা প্রশাসন। তাই আমি পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আলাল খানের পাঞ্জেগানা মসজিদের ইমাম মাহমুদুল হাসান, মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, আলাল খাঁনের বোন পারুল বেগম ও মিফতা উজ্জামান প্রমুখ।