‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় তরুণদের এগিয়ে আসতে হবে’

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য হাওরের তরুদের এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে তাহিরপুরের ট্যাকেরঘাটে ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের মুখোমুখি নীতিনির্ধারক’ শীর্ষক সংলাপ ও ১৯টি গ্রীণ ক্লাব উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক আসাদ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ খায়রুল আলম, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চাঁনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলাগাঁও চারাগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ জাবির আহমেদ জাবেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সদস্য নারজেল হোসেন, ফখর উদ্দিন, দ্বীন ইসলাম প্রমুখ।
উপস্থিত তরুণদের নানা প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও বলেন, বনভূমি রক্ষা করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে। হাওরের মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। সবাইকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এজন্য তরুণ প্রজন্ম সহ দেশের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির তরুণদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে পরিবেশ সুরক্ষায় তোমরা প্রশাসনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পার।
এর আগে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ টি গ্রীন ক্লাবের উদ্বোধন করেন।