জলমহালে তরুণ খুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের একটি জলমহালে আলীম তালুকদার নামে এক তরুণ খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে খুনের ঘটনায় জড়িতেদের গ্রেপ্তার দাবি করে।
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়ারবাজ ও আশপাশের গ্রাম থেকে খুন হওয়া তরুণ আলীম তালুকদারের আত্মীয়-স্বজন দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী বিক্ষোভকারীদের শান্তনা দিয়ে বলেন, ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিক্ষুব্ধদের আশ^াস দেন তিনি। পরে বিক্ষোভকারীরা ফিরে যান।
গত ৭ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই জলমহালের পাশে মারপিটে জলমহালপাড়ের দরিয়াবাজ গ্রামের আলিম তালুকদার গুরুতর আহত হন। একদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বাবা হানিফ তালুকদার দাবি করেন, বড়দই বিলের ইজারাদার মনোয়ার ও তার লোকজন আলিমকে ব্যাপক মারধর করায় তার মৃত্যু হয়েছে। বড়দই জলমহালের ইজাদারদার সৈয়দ মো. মনোয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ওই দিন জানান, তিনি ওইদিন বিলেই ছিলেন না।