জলের প্রার্থনা

কুমার সৌরভ
এই ঘাষঢাকা বিশাল মাঠে আজ আমি ভীষণ একা
মাথার উপরে উন্মুক্ত আকাশে একটিও পাখি নেই
দৃষ্টিসীমায় নেই বৃক্ষের সামান্য সবুজ
মার্তন্ডের প্রখর তাপে দগ্ধ চরাচর।
আমার অপার তৃষ্ণা, জল নেই এক আজলা কোথাও
ব্যাকুল বাসনা নিয়ে বৃষ্টি কামনায় আমি উবু হয়ে প্রার্থনায় নত
প্রহরের পর প্রহর কাটে বরাভয় নিয়ে আসে না তো কেউ
জলের দেবতা যেন ধনুর্ভাঙ্গা পণ করে নিদ্রামগ্ন অনাদি অনন্ত কালের জন্য।
সবুজ ঘাষ হলুদ হয়ে গেছে, মৃত্তিকা ধুলো উড়িয়ে আকাশকে ঢেকে দিয়েছে
আর আমি উদভ্রান্ত হয়ে ছুটছি ছুটছি…
কেবলই ছুটছি
মাঠের ওপারে যদি পেয়ে যাই সরোবর একখানি
কিন্তু কিছুতেই মাঠের দিগন্তরেখা পেরোতে পারছি না।
কেবলই অচেনা ঠেকছে এই প্রান্তর
পথের সন্ধানে এই নিরন্তর ছুটার মাঝখানে জগতে ফেলে আসা সময়ের
সবগুলো স্মৃতি আজ পলকে জাগে আর পলকে মিলায়।
আমার আমিতে আজ চিত্ত চাঞ্চল্য একদিকে
অন্যদিকে বেঁচে থাকার জন্য জলের সুতীব্র আকুলতা
আমি ছুটছি কেবলই ছুটছি…।
২৯.০৫.২০১৫