জাউয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পুনঃ নির্বাচনের আবেদন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান পুনঃ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন দেয়া হয়েছে। সোমবার জউয়াবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৭ জন সদস্য-সদস্যা স্বাক্ষর করে এই আবেদন দাখিল করেছেন। জানা যায়, গত ১২ জুন জাউয়া ইউনিয়ন পরিষদে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান হিসেবে মুরাদ হোসেন নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সচিব একরামুল হক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। ভোটার ছিলেন পরিষদের চেয়ারম্যান ও ১২ সদস্য-সদস্যা।   প্যানেল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক ও ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুন নুর। নির্বাচনে উভয় প্রার্থী ৬টি করে সমান সংখ্যক ভোট পান। পরে চেয়ারম্যান মুরাদ হোসেনের ভোটে নুর মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এতে চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতমুলক আচরণের অভিযোগ তুলে এ নির্বাচন বাতিল করার দাবি তুলেন পরিষদের ৬ সদস্য-সদস্যা।