জাউয়া ইউপি’র বিরুদ্ধে জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে জন্মনিবন্ধন কার্ড প্রদানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন সচিব প্রতি কার্ডের বিপরীতে ১৩০০ টাকা আদায় করায় ২০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের কৈতক গ্রামের হাজী আব্দুল মানিকের পুত্র আশরাফ আহমদ।
অভিযোগ থেকে জানা যায়, জন্মনিবন্ধন করতে আশরাফ আহমদ ২৮ ও     ২৯ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ থাকায় ফিরে আসেন তিনি। পরে ২ জুলাই প্রয়োজনীয় কাগজপত্র ইউপি সচিব একরামুল হকের কাছে দেয়া হলে তিনি বাংলা ও ইংরেজী নিবন্ধন কার্ড বাবত ১৩০০ টাকা নিয়ে ৫০০ টাকার রসিদ প্রদান করেন। রশিদে টাকার অংক কম লেখার বিষয় জানতে চাইলে সচিব তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রদেয় জন্মনিবন্ধন কার্ডে নামের অংশে একটি অক্ষর ভুল হলে সংশোধনের জন্য পুনরায় সচিবের কাছে গেলে তিনি সংশোধনের জন্য আরো সাড়ে ৫শ’ টাকা তার কাছ থেকে আদায় করেন।