স্টাফ রিপোর্টার
নানা মতপার্থক্য থাকলেও সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ঐক্যবদ্ধভাবে পালন করলো জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতিরজনকের প্রতিকৃতিতে সকাল সাড়ে ৯ টায় দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের মঞ্চে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, দলীয় নেতা সুবীর তালুকদার বাপ্টু, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল করিম, নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, তারিখ হাসান দাউদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারাক হোসেন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বললেন, ৭৫’এর ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন এবং তাঁর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। কোভিড-১৯’এর কারণে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব মোকাবেলায় দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনও শোক দিবসের কর্মসূচী ঐক্যবদ্ধভাবে পালন করেছেন। সংগঠনের উদ্যোগে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান ছাড়াও রমিজ বিপণির কার্যালয়ে আলোচনা সভা হয়েছে জেলা ছাত্রলীগের উদ্যোগে। জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ ঐক্যবদ্ধ কর্মসূচী পালন করেছে।
প্রসঙ্গত. সুনামগঞ্জে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ কর্মসূচী হয় কমই। ৩ বছর আগে শোক দিবসের কর্মসূচী পালনকালে একে অপরের বিরুদ্ধে দেওয়া বক্তব্য নিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের মধ্যে মামলা দায়েরের ঘটনাও ঘটেছিল।


