সু.খবর ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে অফিসার্স ক্লাব ঢাকা ১২-১৫ আগস্ট, ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কবিতা পাঠ, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন আয়োজনে মুখর ছিল অফিসার্স ক্লাব। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল- পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইমেলা।
পরাধীনতার অন্ধকার থেকে বাঙালিকে আলোর পথযাত্রী করতে ইতিহাসের ক্রান্তিলগ্নে আবির্ভূত হয়েছিলেন এক মহানায়ক, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নামের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
১২ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন ক্লাবের ভাইস চেয়ারম্যান এমএ রাজেক, সাধারণ সম্পাদক ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান, সাহিত্য ও লাইব্রেরি উপকমিটির কো-চেয়ারম্যান মনজুরুর রহমান, সাহিত্য ও লাইব্রেরি উপকমিটির সদস্য সচিব তানিয়া খান, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক ও বইমেলার সমন্বয়ক খান মাহবুব।
মেলা চলাকালীন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কবিতা পাঠের আয়োজন মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত কবিতা পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কবি মোহাম্মদ সাদিক বলেন, ‘জাতির পিতা তাঁর জীবনে তিনটি মহাকাব্য রচনা করেছিলেন, ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণে একটি আঙুলে প্রথম মহাকাব্যটি লিখেছিলেন, ১০ জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তনের দিনে চোখের জলে দ্বিতীয় মহাকাব্যটি লিখেছিলেন, আর শেষ মহাকাব্যটি লিখে গেলেন ১৫ আগস্টে বুকের তাজা রক্ত দিয়ে।’
তিন দিনব্যাপী আয়োজিত কবিতা পাঠের এ আসরে আরও অশংগ্রহণ করেন কবি কামাল চৌধুরী, আসাদ মান্নান, মো. সোহরাব হোসাইন, শ্যামসুন্দর সিকদার, মনজুরুর রহমান, অধ্যাপক তৌহিদা ফারুকী, অধ্যাপক ইফ্ফাত আরা নার্গিস, একে বোরহানউদ্দিন, আতিকুল ইসলাম পাঠান, জাহিদ মোস্তফাসহ প্রায় ৭০ জন ক্লাব সদস্য।
বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও তাদের সহধর্মিণীদের উপস্থিতিতে বইমেলা ও কবিতা পাঠে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পঠিত কবিতায় জাতির জনকের হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ উঠে আসে।


