জাতিসংঘের পানিবিষয়ক বিশেষ প্যানেলে শেখ হাসিনা

সু.খবর ডেস্ক
সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে উচ্চ পর্যায়ের বিশেষ প্যানেল গঠন করেছে জাতিসংঘ। আর এতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ১০ রাষ্ট্র ও সরকার প্রধানের এই প্যানেল ঘোষণা করেন। প্যানেলে দু’জন বিশেষ পরামর্শকও রাখা হয়েছে।
প্যানেল ঘোষণার পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘দারিদ্র্য বিমোচন ও অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিশেষ এই প্যানেল টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৬ অর্জনে সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত এবং টেকসই ব্যবস্থাপনার জন্য কাজ করবে বলেও জানান তিনি।
বিশেষ এই প্যানেলে শেখ হাসিনা ছাড়া অন্য সদস্যরা হলেন- মৌরিশাসের প্রেসিডেন্ট আমেনাহ গারিব, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেয়ে নিয়েতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমামালি রাহমান।
প্যানেলে বিশেষ পরামর্শকের দায়িত্ব পালন করবেন- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সুং সু এবং পেরুর পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী মানুয়েল পুলগার-ভিদাল।