জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দিরাই সংবাদদাতা
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।
তিনি বলেন, আগামীকাল রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও বিকালে মৎস্যচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাইক যোগে প্রচারণা, পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ প্রদান, জনবহুল স্থানে মৎস্য সম্পর্কে প্রচারণা, বিভিন্ন উপকরণ বিতরণ এবং উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ২৯ জুলাই।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, যুগান্তর দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, সুনামকন্ঠ প্রতিনিধি সামছুল ইসলাম খেজুর, মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ, ভোরের কাগজ প্রতিনিধি জয়ন্ত কুমার সরকার, নয়া দিগন্ত প্রতিনিধি এমরান হোসাইন, আমার সংবাদ প্রতিনিধি সৈদুর রহমান, সিলেট ভিউ প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ,দ নয়াশতাব্দী প্রতিনিধি প্রশান্ত সাগর দাস প্রমুখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা সম্প্রতি বন্যায় মৎস্যখাতে প্রায় সাড়ে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার। এছাড়াও পোনা মাছ সংরক্ষণে অবৈধ কারেন্ট জাল ও কোনা জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ অব্যাহত রয়েছে উল্লেখ করে মৎস্য অফিসার বলেন, নিবন্ধিত মৎস্যজীবীদের রেশনিংয়ের আওতায় আনতে পারলে পোনা নিধন রোধ অনেকটা সম্ভব হবে।