জাতীয় ফুটবলার ছোট নাজিরের বাসায় আগুন

স্টাফ রিপোর্টার
মধ্য শহরের হাছন নগর, উকিলপাড়া ও আলিমাবাগ এলাকায় গত এক সপ্তাহ ধরে চোরের উপদ্রব দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি চুরির ঘটনার সাথে দুর্বৃত্তপনার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর রাতে আলিমাবাগ এলাকার মিনিস্টার বাড়ির পূর্বদিকে জাতীয় দলের সাবেক ফুটবলার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজির আহমদ চৌধুরীর বাসায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। (জিডি নং-১৪৬৬, তারিখ ২৮/০৬/২০১৬ ইং)। ঘটনাটি জানাজানি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।
হাছননগরের বাসিন্দা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ গত কয়েকদিন ধরে আমাদের পাড়ায় চুরের উপদ্রব দেখা দিয়েছে। প্রতিরাতেই চোরেরা কারো না করো বাসায় হানা দিচ্ছে। চুরির পাশাপাশি এখন দুর্বৃত্তপনা শুরু করেছে। রাতে বাসা-বাড়িতে আগুন দেয়ার মত ভয়াবহ ঘটনা ঘটাচ্ছে।’
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজির আহমদ চৌধুরী বলেন,‘মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজের পর কোরআন তেলওয়াত করে প্রায় সাড়ে ৪ টার সময় বিছানার যাই ঘুমানের জন্য। হঠাৎ করে আমার স্ত্রী আমাকে ডেকে তুলেন। দিয়ে দেখি বাসার দক্ষিণ দিকের রুম আগুনের ধোয়ায় অন্ধকার। পরে আমার স্ত্রী জানান গরমের জন্য বাসার একটি জানালার একাংশ খোলা ছিল। এই জানালা দিয়ে কে বা কারা এক টুকরো কাপড়ে আগুন ধরিয়ে ঘরের ভেতর ছুঁড়ে দেয়। সেটি বিছানার কোণায় পড়ে তোষক ও চাদরে আগুন লেগে যায়। আগুনের আঁচ লেগে তারা সজাগ হন। আগুনে তোষক ও বিছানার চাদরের বেশ কিছু অংশ পুড়ে যায়।’
নাজির আহমদ চৌধুরী আরো জানান, এভাবে কোন ঘটনা ঘটবে আমি জীবনেও কল্পনা করিনি। পরে দিনে শুনেছি পাড়ায় গত রাতে নাকি চোর এসেছিল। লোকজন চোরকে ধাওয়া করেছে। তবে চোর না অন্য কেউ এই ঘটনা করেছে তা আমার ধারনা নেই।