স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের জানীগাঁও এলাকায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দুপুরে জানীগাঁও গ্রামের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম লাইলী বেগম (৩০), তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের সাদনুর মিয়ার স্ত্রী। আহত লাইলী বেগমকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের আলফাত মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) ও মোস্তাকিন মিয়ার স্ত্রী মিনারা বেগম (২৮) ও গ্রামের সিএনজি চালক আনল হক (৩০)। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ছাড়া আহত দুইজন ও নিহত লাইলী বেগম একই বাড়ির বাসিন্দা। লাইলী বেগম দুলাল মিয়ার চাচী।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজিটি সুনামগঞ্জ শহরে আসছিল ও প্রাইভেটকারটি সুনামগঞ্জ শহর থেকে সিলেটে যাচ্ছিল। পথে জানীগাঁও গ্রামের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারটি সিএনজির উপরে উঠে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
সিএনজিটি বীরগাঁও বাজার থেকে সুনামগঞ্জ শহরে আসছিল। ইতালী প্রবাসী সাদনুর মিয়ার স্ত্রী লাইলী বেগম স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলতে সুনামগঞ্জ শহরে আসছিলেন। এই বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন গ্রামের ইউপি সদস্য দিদারুল হক।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্য মোজাম্মেল হক বলেন,‘ জানীগাঁও গ্রামের সামনের সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের সিলেটে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর থানা নিহত মহিলার লাশ উদ্ধার করেছে।


