আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের একাধিক শিক্ষা কেন্দ্রে উপবৃত্তির টাকা আত্মসাতের খবর পাওয়া গেছে। অভিভাবকরা টাকা কম দেওয়ার বিষয়ে প্রতিবাদ করতে গেলে কোথাও কোথায় লাঞ্ছিত হয়েছেন। উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফেনারবাঁকের লক্ষীপুরের গ্রামবাসী কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাধিক শিক্ষক নেতা, ব্যাংকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজেশো টাকাগুলো লোপাট হয়েছে। তবে শিক্ষক নেতারা নিজে জড়িত নন বলে দাবী করেছেন, শিক্ষক নেতাদের সাথে গলা মিলিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাও টাকা আত্মসাতের সাথে জড়িত নন জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে জেলা শিক্ষা কর্মকর্তা টাকা আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা অভিভাবকে লাঞ্ছিত করায় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
পুরো উপবৃত্তির টাকা বণ্টন নিয়ে জামালগঞ্জে চলছে নয়-ছয়। উপজেলার ৬টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নের মানুষ যখন বন্যায় আক্রান্ত ঠিক সেই সময়ে শিক্ষা অধিদপ্তর উপবৃত্তির টাকা নিয়ে নয় ছয় খেলায় মেতে উঠেছে। উপজেলার একটি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নয় অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে উপবৃত্তির টাকা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোন কোন শিক্ষার্থীকে ১শত টাকা, আবার কোন কোন শিক্ষার্থীকে ২শত টাকা করে কম দিচ্ছে। শুধু তাই নয়. কোন কোন শিক্ষার্থীর সই নিয়ে টাকা না দিয়েই বিদায় করার খবরও পাওয়া গেছে। কয়েকটি বিদ্যালয়ে কম টাকা দেওয়ার কারণে অভিভাবকরা প্রতিবাদ করেছে, আবার কোন কোন বিদ্যালয়ে টাকা কম দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর বিচার শালিস করেছেন এলাকাবাসী ও অভিভাবকগণ। ইতোমধ্যে কয়েকজন শিক্ষক ঘটনার জন্য মাফ চেয়ে টাকা ফেরত দিয়েছেন। আবার কোন কোন শিক্ষক উপজেলা কর্মকর্তাকে ম্যানেজ করে নিজেদের অনৈতিক কর্মকা- বজায় রেখেছেন। কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন মহিলা অভিভাবক টাকা কম পেয়ে প্রতিবাদ করার কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজনকে নিয়ে প্রধান শিক্ষক মহিলা অভিভাবকদেরকে বিদ্যালয় থেকে বের করে দেন। এই ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৬৪ জন হলেও ২৬৮ জনকে উপবৃত্তি প্রদান করার কথা প্রধান শিক্ষক নিজেই জানিয়েছেন। টাকা কম দেওয়ায় একাধিক অভিভাবক প্রধান শিক্ষকের উপর টাকা ছুড়ে ফেলেছেন বলে শিক্ষক নিজেই স্বীকার করেছেন। রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়েও ছাত্রছাত্রীদেরকে টাকা কম দেওয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানিয়েছেন,আমাদের ছেলেমেয়েদেরকে ১শত থেকে ২শত টাকা করে কম দিয়েছেন প্রধান শিক্ষক। ৬ শত টাকার মধ্যে অর্ধেক দিয়েছেন। আমরা প্রতিবাদ করলে সন্তানদের ক্ষতি হবে এ জন্য প্রতিবাদ করিনি। সাচনা বাজারের শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা ও প্রধান শিক্ষক মিলে ১২শত টাকার মধ্যে ১ হাজার টাকা করে দিয়েছেন বলে কয়েকজন অভিভাবক জানিয়েছেন।
ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাকা বণ্টন নিয়ে গ্রামবাসী, কমিটি আর শিক্ষকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। টাকা বণ্টনে অনিয়মের ঘটনায় বিচার শালিসে তাদের মধ্যে সমঝোতা হয়েছে আর প্রধান শিক্ষক ঘটনায় অনুতপ্ত হয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ।
বৃত্তির টাকা সংশ্লিষ্ট বিদ্যালয়েই বিতরণ করার কথা থাকলেও কর্মকর্তারা একটি বিদ্যালয়ে বসে একাধিক বিদ্যালয়ের টাকা বণ্টন করেছেন বলে জানা যায়। এতে অভিভাবকদের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়াসহ চলমান বন্যার কারণে প্রচুর দুর্ভোগ সহ্য করতে হয়েছে। বন্যা দুর্গত বেহেলীর ইসলামপুরের ছাত্রছাত্রীদেরকে জামালগঞ্জ সদরের লক্ষীপুর গ্রামে এনে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। ভীমখালীর নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাচনার শেরমস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেহেলীর আছানপুর, মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জামালগঞ্জ ডেকে এনে উপবৃত্তির টাকা প্রদান করেছেন ব্যাংক ব্যবস্থাপক সহ সংশ্লিষ্টরা। এই ঘটনায় বন্যা কবলিত জামালগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।
লক্ষীপুরে গ্রামের অভিভাবক ফুলতারা জানান, আমার ২ মেয়ে কাশীপুর স্কুলে পড়ে, আমার কাছ থাইক্কা হেড স্যার বাবু (মৃনাল) একদিন আগে দস্তখত নেন, আর বলেন কালকে সন্ধ্যার পর আইসেন, গেলে পরে আমার ২ মেয়েকে ১২শত টাকা দেয়। এভাবে প্রত্যেককে ৩শত থেকে ৫শত টাকা করে কম দিয়েছে। আমরা জানতে চাইলে আমাদেরকে বের করে দিয়েছে হেড স্যার।
কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি তালুকদার জানান, আমি ভাই টাকা টুকা আত্মসাত করিনি, কোন মহিলাকে রাতে স্কুলে আসতে বলিনি, কোন মহিলার সাথে খারাপ আচরণ করিনি। আমি আগের দিন মহিলাদের কাছ থেকে দস্তখত নিলেও টাকা কম দেইনি।
জাল্লাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন জানান, উপবৃত্তির টাকা বণ্টন নিয়ে গ্রামবাসী, কমিটি ও আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। পরবর্তীতে আমরা বসে আলোচনা করে সমাধা করে ফেলি।
রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মো: রইছুজ্জামান বলেন,আমার বিদ্যালয়ে কোন অনিয়ম হয়নি, যারা অনুপস্থিত তাদেরকে কম দেওয়া হয়েছে।
জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নূরুল আলম ভুইয়া বলেন, উপবৃত্তির টাকা আত্মসাতের বিষয় সহ যে শিক্ষক মহিলা অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হজরত আলী বলেন,উপবৃত্তির টাকা কম দেওয়ার কথা নয়,তার উপর যদি মহিলা অভিভাবকদের সাথে কেউ অসৌজন্যমূলক আচরণ করে থাকে, সে শিক্ষক নেতা আর যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


