জামালগঞ্জের দুই ইউনিয়নেই বিদ্রোহী জয়ী- সদরে সাজ্জাদ মাহমুদ, উত্তরে রজব আলী

আকবর হোসেন, জামালগঞ্জ
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রবিবার জামালগঞ্জের সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ সদরে ৯টি ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই প্রথম দলীয়ভাবে নির্বাচন হওয়ায় দুই ইউনিয়ন পরিষদে কে হবেন চেয়ারম্যান তা নিয়ে পুরো  উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ছিল। দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীদের কারণে দু’টি ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা।          
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রাথী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম ঝুনু মিয়ার ছেলে সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ, আনারস প্রতীকে তিনি ৩৩৭৭ ভোট পেয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ৩১৮১ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিল আহমদ জুয়েল (নৌকা) প্রতীকে পেয়েছেন ২৮২১ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মতিন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সহ সম্পাদক নাজিম উদ্দিন ঢোল প্রতীকে পেয়েছেন ১২৫৯ ভোট। এছাড়া আওয়ামী লীগ সমর্থক আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৮২২ ভোট, বর্তমান ইউপি সদস্য শারমিন সুলতানা (রজনীগন্ধা) প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট, বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলাম (টেবিল ফ্যান) প্রতীকে পেয়েছেন ৩৮০ ভোট, জাহাঙ্গীর গনি চৌধুরী (অটো রিকশা) প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট, জালাল উদ্দিন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩১১ ভোট , সামছুন নুর কামাল (দুটি পাতা) প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট ও আশরাফ হোসেন রুপন (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ২৯৭ ভোট।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রজব আলী, তিনি মোটরসাইকেল প্রতীকে ২৮৩৮ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন (নৌকা) প্রতীকে ২৬৪০ ভোট পেয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১৮২৬ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার (আনারস) প্রতীকে ৯৮২ ভোট পেয়েছেন , স্বতন্ত্র প্রার্থী সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম (চশমা) প্রতীকে পেয়েছেন ২১১৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সমীর পুরকায়স্থ (ঘোড়া) প্রতীকে ১১৩৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে লড়ছেন চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন। জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৭১৯ জন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মোট ভোটার ১৪ হাজার ৭৯৯ জন। গত বছরের ২৮ জানুয়ারি জামালগঞ্জ সদর ইউনিয়নকে দুইভাগে বিভক্ত করে গেজেট প্রকাশিত হয়। একটির নাম জামালগঞ্জ সদর ও অন্যটির নাম জামালগঞ্জ উত্তর ইউনিয়ন নামকরণ করা হয়। গত ৮ মার্চ নব গঠিত ওই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।