জামালগঞ্জের নদীপথে চাঁদাবাজি

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে আরকাটির (পথ প্রদর্শক) দোহাই ও শ্রমিক নেতা শুক্কুর আলীর নাম ভাঙ্গিয়ে কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। আর এই চাদাবাজী থেকে অংশ পাচ্ছেননা এমন ব্যক্তি বা প্রতিষ্টান নেই। অথচ যারা মূলত আরকাটি ম্যান তারা অভাব অনটন নিয়ে কোন রকম পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। জামালগঞ্জে প্রকৃত পক্ষে আরকাটি ম্যান ১০-১২ জন। তারা হলেন আজিজুল ইসলাম, মাফিক মিয়া, সেজলু মিয়া, আবুল মনসুর, রুস্তম আলী, টিটু মিয়া, জালাল মিয়া, আলমগীর, আবু সুফিয়ান, তাকদার মিয়া প্রমুখ। আরকাটি ম্যানদের কাজ হলো ছোট নদী ও হাওর এলাকা দিয়ে বড় কার্গো,জাহাজ, ভলগেট,লঞ্চ চলাচলে তাদের পথ প্রর্দশক হিসেবে কাজ করা ও সুষ্ঠু ভাবে নদীর ঐ পথ টুকু পার করে দিয়ে আসা। শ্রমিকরা আরকাটির অনুমোদন       
আনেন বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কাছ থেকে। লালপুর বৌলাই নদী থেকে টেকেরঘাট ডাম্পের বাজার পর্যন্ত ৬৪ কি:মি: নদী পথ পাড়ি দিতে কয়েকদিন সময় লাগে, আরকাটি ম্যানরা তাদেরকে সহযোগিতা পারিশ্রমিক হিসেবে পান ২৫ শত থেকে ৩ হাজার টাকা। ঠিক ঐ সময়টাকে ব্যবহার করে একটি চাঁদাবাজ চক্র কার্গো, জাহাজ, ভলগেট থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর নেমে আসে অমানষিক নির্যাতন।
সপ্তাহ ব্যাপী সরেজমিনে কয়েকটি স্পট ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে এমন চিত্রই উঠে এসেছে। নদী ও হাওর মাতৃক সুনামগঞ্জ জেলা। জেলার অধিকাংশ উপজেলাই হাওর আর নদীতে ঘেরা। সুনামগঞ্জের বালু পাথর কয়লা ও চুনাপাথর দেশবিখ্যাত। প্রসিদ্ধ এই পণ্যগুলো সারা দেশে সরবরাহের একমাত্র অবলম্বন নদীপথগুলো। নদীপথে পরিবহন খরচ কম ও আনা নেওয়ার জন্য সহজ। আর এই জন্যই কার্গো, ভলগেট, জাহাজ, নৌকা মালিকরা নৌ পথের ব্যবসায়ে একটু বেশি মনোযোগী। ফাজিলপুর আর দুর্লভপুর থেকে যেমন বালু পাথর,টেকের ঘাট,ছাতক সহ সুনামগঞ্জের আরো কয়েকটি স্থান থেকে কয়লা ও চুনাপাথর দেশব্যাপী সরবরাহ দেওয়া হচ্ছে। সেই সুযোগে একটি চাঁদাবাজচক্র দীর্ঘদিন ধরে নদীপথগুলোকে অশান্ত রেখেছে। চাঁদাবাজ চক্রটি যখন যে দল ক্ষমতায় তাদের ছত্রছায়ায় থেকে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। চাঁদাবাজরা আটকও হচ্ছে নিয়মিত। আটক হওয়ার পর কদিন চাঁদাবাজী বন্ধ থাকলেও জেল থেকে বের হবার পর আবারো নতুন ভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে চাঁদাবাজি শুরু করে যায়।
টেকের ঘাট থেকে শুরু করে বারকুড়ি, সুলেমানপুর, বেহেলী, আছানপুর, মাহমুদপুর, হরিপুর, সুন্দরপুর, শানবাড়ী সহ বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে চলে চাঁদাবাজি। চাঁদাবাজ চক্রটি তিন থানার মিলনস্থলকে চাঁদাবাজির নিরাপদ স্থান মনে করে চালাচ্ছে চাঁদাবাজ।  
গেল বছর ধরমপাশার থানা পুলিশের মাধ্যমে করেছে চাদাবাজী, যা স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশ হয়েছে। তখন জামালগঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে দ্রুত বদলী করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।
আরকাটি ম্যান আজিজুল ইসলাম বলেন,আমরা ৩ থেকে ৪ দিন সময় পার করে একটি জাহাজ লালপুর থেকে টেকেরঘাট পর্যন্ত পৌছে দেই, বিনিময়ে আমরা অল্প টাকা পাই, কিন্তু আমাদের নাম বিক্রি করে বেহেলী, আছানপুর, ধর্মপাশার কিছু লোক চাঁদাবাজি করে।
চাঁদাবাজি মামলার একাধিকবার জেলফেরত আসামী জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুরের শুক্কুর আলী বলেন, আমার কাছ থেকে সুবিধা নেয়নি এরকম লোক কমই আছে। আমি প্রতিদিন হাজার হাজার টাকা কালেকশন করি কিন্তু সন্ধ্যা হলেই আমার কাছে আর বাড়ির বাজারের টাকা থাকে না। আমি চাঁদাবাজীর কারণে একাধিকবার জেলে গেছি, মামলার আসামী হয়েছি। ৬মাস হয় আমি এই পথ ছেড়ে দিয়েছি।
মেসার্স হাক্কানী শিপিং কোম্পানীর এস মোল্লা নৌ পরিবহনের এম(১০৩৩৩) সুলতান মাষ্টার বলেন, আমি জাহাজের মাষ্টার হলেও এই পথের জন্য ছাত্র, বাধ্য হয়েই স্থানীয় আরকাটি ম্যান পথপ্রদর্শকদের সাহায্য নিয়েই এই পথ পাড়ি দিতে হয়। আরকাটি ম্যান ছাড়া আমাদের এই ভিতরের পথ দিয়ে চলাচল কোন ভাবেই সম্ভব নয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,আরকাটি বলতে আপাতত কোন কিছু নেই,তবে জাহাজ ও ভলগেটের শ্রমিকদের পথ দেখাতে পথ প্রদর্শকের দরকার। শুক্কুর এলাকায় নেই, তার নাম বিক্রি করে আমার থানা এলাকায় কেউ এ ধরনের কর্মকান্ড করতে পারবে না।