স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে (পিআইসি) চিহ্নিত দুর্নীতিবাজ পরিবারের লোকদের অন্তর্ভুক্ত না করার জন্য আবেদন জানিয়েছেন কৃষকরা।
গত ২৭ নভেম্বর উপজেলার বেহেলী ইউনিয়নের এলাকাবাসীর পক্ষে হরিনাকান্দি গ্রামের জালাল মিয়াসহ আরো ১২ জন কৃষক উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই আবেদন করেছেন।
আবেদেন উল্লেখ করা হয়েছে, বেহেলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মিয়া গত বছরে হাওররক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির মামলার আসামী। চলতি বোরো মওসুমে মনু মিয়া তার বড় ভাই সামছু মিয়াকে পিআইসিতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। একই সাথে বিকল্প হিসেবে পিআইসিতে তার ভাগনা গইছ মিয়াসহ অন্যদের রাখতে একটি আবেদন করেছেন। তাই এলাকাবাসী দুর্নীতিবাজ ইউপি সদস্য মনু মিয়ার পরিবার বা তার আত্মীয়-স্বজনদের পিআইসিতে না রাখার জন্য অনুরোধ করেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান কৃষকদের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ বেহেলী ইউনিয়নে এধরনের একটি আবেদন পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
- তাহিরপুরে ৩৫ শিক্ষার্থী মেধাবৃত্তির টাকা থেকে বঞ্চিত
- জগন্নাথপুরের নলজুর সেতুর এ্যাপ্রোচ সড়কে ভাঙন, যান চলাচল বন্ধ


