জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যর মো: রজব আলীর বিরুদ্ধে ভিজিএফ এর চাল-টাকা আত্মাসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামিনীপুর গ্রামের খোয়াজ আলীর ছেলে মনির হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ভি জি এফ কার্ডধারীদের মধ্যে চাল-টাকা বিতরণ করা হলে তালিকার ২৩১৮নং ক্রমিকে নাম থাকলেও তাকে চাল-টাকা দেওয়া হয়নি। অভিযোগে আরো উল্লেখ করা হয় একই ভাবে ২২১৫, ২৩২০, ২২৩৮, ২২৪৮, ২২৩৭, ২২২০, ২৩১৭ নং ক্রমিকের সদস্য সহ আরো অনেককেই ভি জি এফ এর চাল-টাকা দেওয়া হয়নি। এ ব্যাপারে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য বরাবরে চাল-টাকা দেওয়ার জন্য বললে কোন সদুত্তর পাওয়া যায়নি।
জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রজব আলী বলেন, এদের বিরুদ্ধে একই পরিবারের একাধিক নাম থাকার কারণে ভি জি এফ বিতরণ স্থগিত রেখেছি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, আমি চেয়ারম্যানকে বলে দিয়েছি যেহেতু তালিকায় তাদের নাম আছে তাদেরকে ভি জি এফ দেওয়া হউক। তালিকায় অনিয়ম থাকলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


