জামালগঞ্জে ইউপি সদস্যসহ আটক ১৫ জুয়ারী

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ১৫ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ২.৩০ মিনিটে উপজেলার উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের শহীদ মিয়ার বসত ঘর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত রিফত আলীর ছেলে আলম মিয়া, সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের আব্দুর রকিবের ছেলে হুমায়ুন কবির, চানপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম লম্বাবাক গ্রামের আব্দুল হাসিমের ছেলে শুক্কুর আলী, আব্দুল আলিমের ছেলে নবী হোসেন, মৃত আব্দুল জব্বারের ছেলে শহীদুর রহমান, মৃত আব্দুস সুবহান তালুকদারের ছেলে ইউপি সদস্য মুস্তাফা হোসেন, কালীপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে এমদাদুল হক, মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেন, নুরু মিয়ার ছেলে মঞ্জিল মিয়া, মতিউর রহমানের ছেলে শাহিদ মিয়া, মৃত আব্দুল জব্বারের তালুকদারের ছেলে জেনারেল হোসেন, উত্তর কামলাবাজ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২.৩০ মিনিটে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কালীপুর গ্রামের শহীদ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ১৫ জুয়ারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩টি মোবাইল সেট, একটি পাটি, একটি বিছনার চাদর, একশত ছাপ্পান্নটি তাস ও নগদ ১৮ হাজার ৬০ টাকা জব্দ করে পুলিশ।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, মাদক—জুয়া নির্মূল করতে পুলিশের পাড়া মহল্লায় বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে পূর্ব কালিপুর গ্রাম থেকে ১৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।