জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিডি কার্ডে টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ভিজিডি কার্ড বাবত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য জন্টু তালুকদারের বিরুদ্ধে।
রবিবার বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। অভিযুক্ত জন্টু তালুকদার ফেনারবাঁক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, ফেনারবাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের জুশেন তালুকদার, তেঘুরিয়া গ্রামের কালিচরন দাসের স্ত্রী কমলারানী দাস, রাজাপুর গ্রামের ক্ষিতিশ চন্দ্র দাস রাজাপুর শেখ হাটি গ্রামের রহিমুন্নেছা, ফজিরুন্নেছা, শংকর সরকারের স্ত্রী তুমা সরকার, মিয়া হোসেন, প্রজেশ দাস বলেন, ভিজিটি কার্ড করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য ২ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ভিজিডি কার্ডের তালিকা প্রকাশের পর তাদের নাম না থাকায় তারা ইউপি সদস্যকে টাকা ফেরত দিতে বলেন। ইউপি সদস্য এখন টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছে।
এদিকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে ইউপি সদস্য জন্টু তালুকদার বলেন, আমি তাদের কাছ থেকে কোন টাকা নেই নাই। অনলাইনে তাদের নাম দিছিলাম, তাদের নাম বাতিল হয়ে যায়।
এ বিষয়ে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, আমি বিষয়টি জেনেছি, কয়েকজন ভোক্তভোগী বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে তদন্ত করা হবে। যদি ভিজিড কার্ড বিতরণে কোন অনৈতিক লেনদেন হওয়ার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বলেন, এ বিষয়ে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।