জামালগঞ্জে এই প্রথম ২ জন করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে এই প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত দু’জনই শিশু। তারা সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছে। তাদের একজন জামালগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামলাবাজ গ্রামের তাহের মিয়ার কন্যা সুমাইয়া আক্তার (১২) এবং অপরজন একই গ্রামের মৃত রেজন মিয়ার কন্যা সুলতানা আক্তার মীম (১২)।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে আক্রান্ত দুইটি পরিবার ঢাকার কামরাঙ্গীর চর থেকে বাড়িতে আসে। পরে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম সোহেল বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গত দুই দিন আগে ঢাকা ফেরৎ দুই পরিবারের ৯ জনের মধ্যে ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা ফেরৎ অপর ২ জন (সুমাইয়া আক্তারের মা-বাবা) ধান কাটতে দূরবর্তী স্থানে চলে যাওয়ায় তাদের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

আরও জানা যায়, গত ২০ এপ্রিল আক্রান্ত পরিবারের ৭ জনসহ মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে এদের মধ্য থেকে ২ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত দু’জনের মধ্যে কোন ধরনের করোনা উপসর্গ ছিল না বলে জানা গেছে।

জামালগঞ্জ উপজেলা টিএইচও ডা. মঈন উদ্দিন আলমগীর জানিয়েছেন, আমরা সন্দেহজনক ১০ জনের নমুনা সিলেটের ল্যাবে পাঠিয়েছি। এদের মধ্য থেকে ২ জনের দেহে করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, দক্ষিণ কামলাবাজ গ্রামের দুইজন করোনা আক্রান্ত ধরা পড়েছে। করোনা শনাক্ত ওই পাড়াটা লকডাউন করে রাখা হয়েছে।