স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের দুর্লভপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় (ঘোড়া দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬০ টি দ্রুতগামী ঘোড়া নিয়ে সওয়াররা অংশ নেন এই প্রতিযোগিতায়। হাজার হাজার দর্শক ঘোড়দৌড় উপভোগ করেন। প্রতিযোগিতায় জামালগঞ্জের রামনগরের ‘মায়ের আদেশ’ প্রথম পুরস্কার গ্রহণ করে। বিজয় দিবসের বিকালে এমন আয়োজন হাওরাঞ্চলের মানুষকে আনন্দ দিয়েছে।
সোমবার দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জামালগঞ্জের সাচনাবাজারের দুর্লভপুর খেলার মাঠে ভাটি অঞ্চলের মানুষের অন্যতম বিনোদন ঘোড়দৌড় শুরু হয়। জামালগঞ্জের রামনগরের মায়ের আদেশ, দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাইয়ের ইকবাল রাজা, মোখশেদপুরের বিরবাহাদুর, জামালগঞ্জের
সেলমস্তপুরের পাগলা হরিণ, সিরাজপুরের সোনার ময়না, ছোঁয়াপুরের তিন ভাইয়ের রাজাসহ একে একে ৬০ টি ঘোড়া মাঠে নামে। পর্যায়ক্রমে দ্রুতবেগে দৌড়ানো ঘোড়াগুলোকে ৩ টি করে গ্রুপ করা হয়। অপেক্ষাকৃত কম দ্রুতবেগে দৌড়ায় এমন ঘোড়াগুলোর প্রতিযোগিতা আগে করানো হয়। সবশেষে নামে প্রথম গ্রুপের মায়ের আদেশ, ইকবাল রাজা ও বিরবাহাদুর। এই তিনটির মধ্যে প্রতিযোগিতায় মায়ের আদেশ বিজয়ী হয়। উৎসবমূখর পরিবেশে ঘোৗড়দৌড় উপভোগ করেছেন হাজার হাজার মানুষ। এই আয়োজনে আনন্দিত ভাটির মানুষ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়া’র সওয়ারদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে মোবাইল সেটসহ নানা আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
দুর্লভপুর গ্রামের ঘোড়দৌড় আয়োজক কমিটির সভাপতি শফিকুল আফিন্দি জানালেন, একসময় শীতের শুরুতেই ঘোড়দৌড় হাওরাঞ্চলের স্থানে স্থানে হতো। এখন এই ঐতিহ্যটি হারাতে বসেছে। আমাদের পূর্ব পুরুষরা এমন আয়োজন বছরে বছরে করেছেন। বহুদিন পরে বাঙালির বিজয়ের দিনে আয়োজনটি করতে পেরে আমরাও আনন্দিত।
ঘোড়ার মালিক শরিফুল ইসলাম বললেন, সুনামগঞ্জে এই আয়োজন মাঠ ব্যবহারের সুবিধার্থে হেমন্তে করা হলেও, কোন এলাকায় আয়োজন হয় বর্ষাকালে।


