জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠি খেলা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বাতিনের বাড়িতে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়।
খেলার আয়োজন করেন কৃষক সিদ্দীক আলী ও আব্দুল মতিন। এতে পার্শ্ববর্তী কালীবাড়ি গ্রামের ১১ সদস্যের একটি দলের আবুল কালাম, জাফর আলী, জিতু ও এমরান অংশগ্রহণ করেন। গ্রামবাংলার প্রাচীন লাঠি খেলা দেখতে আশপাশের শত শত মানুষ এসে ভিড় করেন। খেলা শেষে লাঠিয়ালদের হাতে উপহারস্বরূপ দুটি খাসি তুলে দেন গ্রামের মুরব্বী সিদ্দীক আলী।
হাওরাঞ্চলে বোরো ধান গোলায় তোলা শেষে ধানকাটার বেপারিদের নিয়ে লাঠিখেলার আয়োজন হতো এক সময় অকে গ্রামেই। এই বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় মনের আনন্দে কৃষক সিদ্দিক আলী ও তার ধান কাটার বেপারিরা উৎসাহিত হয়ে ধানকাটার আনুষ্ঠানিক সমাপ্তিতে উৎসবমুখর পরিবেশে লাঠিখেলার আয়োজন করে। ঢাক, ঢোল আর কাঁসর ঘণ্টার তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করেন লাঠিয়ালরা। এরই মধ্যে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।
সাচনা গ্রামের যুবক আরিফ বাদশা বললেন, ছোটবেলা দাদা-দাদীদের কাছে শুনতাম আগের দিনে নাকি লাঠিখেলা হত, কিন্তু কখনো দেখা হয় নি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলাটি এবার দেখলাম, অনেক ভালো লেগেছে। এটি সুস্থ বিনোদনের অন্যতম অনুষঙ্গ। এই লাঠিখেলা আস্তে আস্তে বিলুপ্তির পথে। প্রাচীন এই ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা জরুরি।