জামালগঞ্জে কৃষকদেরকে সাব ঠিকাদারের হুমকি

জামালগঞ্জ অফিস
চারদিকে যখন কৃষকের হাহাকার, কান্না আর বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে উপজেলা প্রশাসন ও কৃষকরা যখন একযোগে হাওর রক্ষার জন্য কাজ করছেন ঠিক সেই সময় পাউবোর সাব ঠিকাদার হারুন মিয়া স্থানীয় কৃষকদেরকে সহায়তা না করে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকরা যখন বাঁধ দেখতে গেলেন ঠিক তখনই হালির হাওরের মদনাকান্দি গ্রামের কৃষকরা ঠিকাদার হারুন মিয়া ও তার লোকজন ধারা তাদেরকে হুমকি ও মারধরের কথা জানালেন।
কান্নাজনিত কণ্ঠে কৃষকরা বলেন,‘আমাদের মদনাকান্দি বাঁধের কাজ শুরুর সময় থেকে আমরা গ্রামবাসী বার বার ঠিকাদারকে ভালোভাবে কাজ করার জন্য তাগিদ দিলে তিনি উত্তেজিত হন ও পরবর্তীতে ক্ষমতাসীন দলের ক’জন নেতা একজন মেম্বারসহ মাতাল অবস্থায় এসে আমাদেরকে হুমকিসহ মারধর করে বাঁধ না বেঁধেই চলে যায়। এরপর থেকে আমরা আর তাদের ভয়ে কোন কথা বলিনি।
কৃষকদের সমস্ত ঘটনা শুনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার তাৎক্ষণিক কৃষকদের শান্তনা দেন ও ঠিকাদারকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে কৃষকরা শান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার অসমাপ্ত কাজ করার জন্য মদনাকান্দি ও মাহমুদপুর  গ্রামবাসীকে দায়িত্ব দিয়ে আসেন।
হালির হাওরের সাব ঠিকাদার হারুন মিয়া জানান, আমি বা আমার লোকজন গ্রামবাসীকে মারধর করি নি। তবে আমার সাথে কাজ করা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছে।