জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ দুই হাজার মিটার চায়না দুয়ারি ছাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের সদরকান্দি গ্রাম সংলগ্ন হাওর ও নদীতে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ ছাই জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক। এ সময় তাঁর সাথে ছিলেন জামালগঞ্জ থানার এসআই প্রণয় সরকারসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক বলেন, বিল ও নদী থেকে কারেন্ট ও চায়না দুয়ারি ছাই সরিয়ে নেওয়ার জন্য কয়েকবার মাইকিংসহ জেলেদের জানানো হয়েছেএ কিন্তু তারা নিষেধ না শুনে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। পরে উপজেলার বিভিন্ন বিল ও নদীতে অভিযান চালিয়ে ৩৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি ছাই জব্দ করে জামালগঞ্জ থানার সামনে সকলের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ রাখতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।


