জামালগঞ্জে নিয়ম বহির্ভূত বনিক সমিতি গঠনের অভিযোগ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের সাচনা বাজার বনিক কল্যাণ সমিতি একাংশের নিয়ম বহির্ভূত কমিটি গঠনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির গঠনতন্ত্রের ১৬, ১৭ ও ১৮ নং ধারা বহির্ভুত কমিটি গঠন করায় অপর অংশের ৬২ জন স্বাক্ষরিত এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে অবৈধভাবে গঠিত নবনির্বাচিত কমিটির কার্যক্রম বাতিলের দাবিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাচনা বাজার বনিক কল্যাণ সমিতিটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত। সরকার নিবন্ধিত এই সমিতির কথিপয় সদস্য কর্তৃক ১৬নং ধারায় নির্বাচন কমিশন গঠন, ১৭-তে নির্বাচনের ৩০ দিন পূর্বে নির্বাচন তফসিল ঘোষণাসহ ১৮নং ধারায় ১৫ দিনের নোটিশে সাধারণ সভা আহবান করার কথা থাকলেও নিয়ম বহির্ভুতভাবে গত ২৯ আগস্ট সভা আহবান করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। যাতে সমিতির বৃহৎ একটা অংশ অনুপস্থিত ছিল বিধায় সদ্যঘোষিত কমিটির সার্বিক কার্যক্রম অবৈধ বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাই যাবতীয় কার্যক্রম বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অভিযোগে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব বলেন, ‘হ্যাঁ, অভিযোগটি পেয়েছি। বাজার ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্ত না নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এটা বিচার বিশ্লেষণ করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’