জামালগঞ্জে নুরুল হুদা মুকুটকে নাগরিক সংবর্ধনা

জামালগঞ্জ প্রতিনিধি
‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পুনঃরায় ক্ষমতায় আনতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী ১০ তারিখে বিএনপি সরকার পতনের ডাক দিয়েছে। আপনারা সাথে থাকলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ আবার ক্ষমতায় আসবে। এ জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’
বৃহস্পতিবার জামালগঞ্জে সংবর্ধিত অতিথির বক্তব্য দিতে গিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান নরুল হুদা মুকুট এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ঢাকায় বসে রাজনীতি করে, সুনামগঞ্জ জেলা আ.লীগে কোন্দলের জন্ম দিয়েছে তাদেরকে আপনারা বয়কট করুন। ওয়ান-ইলিভেনের সময় আমি আক্রান্ত হয়েছি। আমার বাসায় অভিযান হয়েছে। তবুও আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যাইনি।
তিনি আরও বলেন, আমি আমার রাজনৈতিক গুরু প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদকে স্মরণ করছি। তাঁর নেতৃত্বে আমি এবং শামীম রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি। আমি স্মরণ করছি বর্তমান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সাহেবকে। সুনামগঞ্জের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। শুধু তাই না, এ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে তাগাদা দিয়ে আপনাদের জন্য উড়াল সেতু পাস করিয়েছেন। তাঁর জন্য শুভ কামনা। এছাড়া বর্তমান সভাপতি মতিউর রহমানসহ প্রয়াত রাজনীতিক আইয়ুব বখত জগলুলকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
জামালগঞ্জে সুনামগঞ্জ জেলা পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম শামীম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরুপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাসেম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা পরিষদ সদস্য আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার।
পবিত্র কোরআন ও গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, ব্যবসায়ী স্বপন রায় প্রমুখ।