জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের সুরমা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত শ্যামলা আক্তার (৫০) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল ৬টায় ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর বাজার সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন একই ইউনিয়নের জামলাবাজ গ্রামের জাহানারা বেগম (৪৫), রুমা বেগম (৩৫), জুবায়ের মিয়া (১৩), খাদিজা বেগম (৯), নাছিমা খাতুন (৪০), জামিলা বেগম (৪৫) ও সাহেদ মিয়া (৫০)।
জানা যায়, ওই দিন জলিলপুর বাজার থেকে শ্রমিক দলের হাতে বাওয়া একটি নৌকা নদী পারাপারের সময় সুরমার মধ্যবর্তী স্থানে আসা মাত্রই দক্ষিণ দিক থেকে আসা স্বপ্নতরী-৫ নামের একটি বলগেট শ্রমিকবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি ঘটনাস্থলে ডুবে গেলে কয়েকজন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অন্যদের আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। পরবর্তীতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর শ্যামলা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণের নির্দেশ দেন।
খবর পেয়ে ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন আহমদ ঘটনাস্থলে পৌঁছে আহতদের খোঁজ-খবর নেন এবং ধাক্কা দেওয়া বলগেটটিকে পুলিশ ফাঁড়ির হেফাজতে নিয়ে যাওয়া হয়। বিকাল পর্যন্ত শ্রমিকদের পক্ষ থেকে কোন ধরনের মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।


