জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় বিআরডিবির পল্লী জীবিকায় প্রকল্প (পজীপ) কর্মকর্তা নুরনাহার আক্তারের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে শতাধিক সমবায় সমিতির সদস্য—সদস্যাবৃন্দের উপস্থিতিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন দুর্লভপুর মহিলা সমবায় সমিতির ম্যানেজার ফাতেমা বেগম।
সদস্য আফিয়া বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন মহিতুন্নেছা, রওশনআরা, গুলবদন, মোহাম্মদ আলী, আম্বিয়া খাতুন, খায়রুন্নেছা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক প্রদান করা হয়।
বক্তাগণ বলেন, আমরা বহুদিন যাবৎ বিআরডিবির অধীনে (পজীপ) সমিতির সাথে সংযুক্ত আছি। অফিসের (পজীপ) কর্মকর্তা নুরনাহার আক্তারের স্বেচ্ছাচারিতা, অনিয়ম দুর্নীতির কারণে সমিতির কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা সময় মতো ঋণ পরিশোধ করেও নিয়ম অনুযায়ী আমাদেরকে ঋণ দিতে গড়িমসি করে আসছে। ঋণ নিতে গেলে তিনি উৎকোচ দাবি করেন। তাই আমরা পজীব কর্মকর্তা নুরনাহার আক্তারকে অন্যত্র বদলি করে দীর্ঘদিনের অসহনীয় কষ্ট দূর করার আহ্বান জানাই।


