আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে ৪ জন ইউপি সদস্যসহ আরো একজনকে প্রকল্প বরাদ্দের সরকারি টাকা ফেরতের চিঠি দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। সরকারি টাকা ও চাল বরাদ্দ নিয়ে কাজ না করে আত্মসাত করায় টাকা ফেরতের জন্য প্রথমে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১৫ দিন পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চূড়ান্ত চিঠি দিয়েছেন।
সরকারি আদেশ মতে ৩০ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও কোন প্রকল্প সভাপতি টাকা ফেরত দেন নি। অবশ্য ইউপি সদস্যারা জানিয়েছেন, তারা ৩০ ডিসেম্বরের মধ্যে অফিস গিয়ে টাকা ফেরত দিতে চেয়েছিলেন। কিন্তু যে কোড নম্বরে টাকা জমা দিবেন সেটি অফিস দিতে ব্যর্থ হচ্ছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের দাবি তারা ৫ জনকে সরকারি টাকা ফেরতের জন্য চিঠি দিয়েছেন। টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াও চলছে, ফেরত না দিলে মামলা করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গত ২০১৫-১৬ অর্থ বছরের টিআর (সাধারণ)প্রথম পর্যায় থেকে উপজেলার লক্ষীপুর লালনের বাড়ীর সামনে থেকে নদীর পাড়ের যাতায়াতের রাস্তা মেরামতের জন্য ৩ মে. টন গম বরাদ্দ নেন জামালগঞ্জ সদরের ইউপি সদস্যা শারমীন সুলতানা। বরাদ্দ পেয়ে কোন কাজ না করেই তিনি টাকা আত্মসাতের চেষ্টা করেন। প্রথম নোটিশ পেয়ে কাজ না করায় ১৫ ডিসেম্বর চূড়ান্ত নোটিশ দেয়া হয় টাকা ফেরত দেয়ার জন্য। অবশ্য ৩ মে. টনের পরির্বতে ২ মে. টনের সরকারি হিসাব মতে ৭২ হাজার ৬৭০ টাকা ফেরত দিতে বলা হয়েছে। একই অর্থ বছরের টিআর ২য় পর্যায় থেকে জামালগঞ্জ সদরের লক্ষীপুর বায়তুল আমান জামে মসজিদ মাটি ভরাট ও উমেদপুর মসজিদে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ নেন জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম। তাকে ৫০ হাজারের পরির্বতে ২৫ হাজার টাকা ফেরত প্রদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। ১৫-১৬ অর্থ বছরের সাধারণ টিআর (টেস্ট রিলিফ) ১ম পর্যায় থেকে নয়াহালট বড় মসজিদে সোলার প্যানেল স্থাপনের জন্য ইউপি সদস্য জিয়াউর রহমানকে ৪.৫মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিলো। কিন্তু কোন কাজ না করায় প্রকল্পের বরাদ্দ ৭২ হাজার ৬৭০ টাকা ফেরতের চিঠি দেওয়া হয়েছে। জামালগঞ্জ সদরের ভুইয়ার হাটি-হিন্দু কালীপুর গ্রামের সামনের রাস্তায় ভাঙ্গা মেরামত ও মমিনপুর মসজিদে সোলার প্যানেল স্থাপনে টিআর ২য় পর্যায় থেকে নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ নিয়েছিলেন ইউপি সদস্য মনির হোসেন। কাজ না করানোর জন্য তাকে ৫০ হাজারের স্থলে ৩০ হাজার টাকা ফেরতের চিঠি দেওয়া হয়েছে। ভীমখালী ইউনিয়নের শ্রীপুর এলজিইডি ব্লক রাস্তায় মাটি ভরাটের জন্য টিআর ২য় পর্যায় থেকে ৪০ হাজার টাকা নগদ অর্থ বরাদ্দ নেন ছোট ঘাগটিয়া গ্রামের জহুর মিয়ার পুত্র আল আমিন। কাজ না করেই টাকা আত্মসাত করার জন্য ৪০ হাজার টাকা ফেরতের চিঠি দেওয়া হয়েছে তাকে।
এ ব্যাপারে ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন,‘ আমি গ্রামবাসী ও মসজিদ কমিটির সাথে কথা বলে সোলার প্যানেলের পরির্বতে একটি স্টিলের বড় গেইট ও মসজিদের জানালা তৈরী করে দিয়েছি। মসজিদ কমিটি এ ব্যাপারে আমাকে একটি প্রত্যায়নও দিয়েছে। এর পরও কেন যে আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য পত্র দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।’
জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি কামরুল ইসলাম বলেন,‘আমিসহ আমার পরিষদের ৩ জনকে টাকা ফেরতের চিঠি দিয়েছে পিআইও অফিস। আমরা টাকা ফেরত দিতেও প্রস্তুত, কিন্তু অফিস কোন কোড নম্বর দিতে ব্যর্থ হওয়ায় টাকা জমা দিতে পারছি না।’
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া বলেন,‘জামালগঞ্জে ২০১৫-১৬ অর্থ বছরের টিআর ১ম ও ২য় পর্যায়ে নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজ না করানোর জন্য প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৫ দিনের নোটিশ প্রদান করেন। ১৫ দিনের মধ্যে কাজ না করা ও সুষ্ঠু জবাব না দেওয়ায় টাকা ফেরতের চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। টাকা ফেরতের পক্রিয়া অব্যাহত আছে,টাকা ফেরত না দিলে মামলা রুজু করা হবে।’


