জামালগঞ্জে প্রতারণার অভিযোগে মামলা, আটক ১

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান টুটুল (৪৬) নামের একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার র‌্যাব সুনামগঞ্জের ডিএডি শফিউদ্দিনের নেতৃত্বে একটি টিম সাচনা বাজার অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ধৃত টুটুলকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার জামালগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। পরে প্রতারিত মোহাম্মদ আলী (৫০) বাদী হয়ে জামালগঞ্জ থানায় প্রতারক মোস্তাফিজুর রহমান এবং একই এলাকার আরও দুই সহযোগী হাবিবুর রহমান শফিক (৩৮) ও ফারুক মুন্সি (৫২) সহ অজ্ঞাত আরও ৩ জনকে বিবাদী করে মামলা করেন। (মামলা নং-৫, ধারা ৪০৬/৪২০, তারিখ ১৫ মার্চ ২০২২)।
মামলার সূত্রে জানা যায়, বিবাদীরা যমুনা ফাউন্ডেশন নামক এনজিওর নাম করে প্রতারণা করে আসছিল। একপর্যায়ে বাদী সাচনা বাজার ইউনিয়নের ফতেহপুর গ্রামের মোহাম্মদ আলীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩৩ হাজার টাকা নিয়ে নেয়।
এর আগে প্রতারিত লোকেরা বাদীকে জানায়, প্রতি লাখে ১১ হাজার টাকা তাদেরকে অগ্রিম দিতে হবে। সে অনুযায়ী বাদী মোহাম্মদ আলী রাজি হয়ে ৩ লাখ টাকা ঋণের বিপরীতে প্রতারকদের হাতে ৩৩ হাজার টাকা তুলে দেন এবং পরদিন তাদের অফিসে গিয়ে টাকা আনার কথা বলে প্রতারকেরা সটকে পড়ে। ঋণগ্রহীতা সে টাকা আনতে অফিসে গেলে অফিস বন্ধ দেখতে পান। একপর্যায়ে প্রতারকদের দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিলে সেটি বন্ধ পান। একপর্যায়ে বাদীর সন্দেহ হয় এবং বিষয়টি সুনামগঞ্জ র‌্যাবকে অবহিত করেন। অভিযোগ পেয়ে র‌্যাব সাচনা বাজারে অভিযান চালিয়ে প্রতারক দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান টুটুলকে আটক করে জামালগঞ্জ থানায় সোপর্দ করে। শেষে প্রতারিত মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় মামলা করেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, প্রতারক মোস্তাফিজুর রহমানকে র‌্যাব আটক করে জামালগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ আটককৃতকে আদালতে প্রেরণ করে।
সুনামগঞ্জ আদালতের ইন্সপেক্টর সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত টুটুলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।